নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল উল্টে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হয়েছেন। আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার লেঙ্গুরদী এলাকায় বদরুন্নেসা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-বৃস্টি বর্ধণ (৪) ও তার চাচাতো বোন ইচ্ছে বর্ধণ (৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের জুয়েলারি দোকানের মালিক সুমন বর্ধন তার বাবা কার্তিক বর্ধণ, মেয়ে বৃষ্টি বর্ধণ ও বড় ভাইয়ের মেয়ে ইচ্ছে বর্ধণকে নিয়ে মোটরসাইকেলে সোনারগাঁও উপজেলার বারদি এলাকায় লোকনাথ ব্রক্ষ্রচারি আশ্রমে ধর্মীয় উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন। তারা লেঙ্গুরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেলটি উল্টে যায় এবং চারজনই গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু বৃষ্টি বর্ধণকে মৃত ঘোষণা করেন। পরে তিনজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে ইচ্ছে বর্ধণ মারা যায়। আহত সুমন বর্ধণ ও তার বাবা কার্তিক বর্ধণকে সেখানে ভর্তি করা হয়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।