বাউফলের উপজেলার দাশপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মো. ইসমাইল প্যাদার বাড়িতে তিনটি মেছো বাঘের বাচ্চা পাওয়া গেছে। শুক্রবার ভোরে ইসমাইল প্যাদার গোয়াল ঘরে বাচ্চা তিনটি পাওয়া যায়।
জানা গেছে, বাউফল পৌরসভার আট নম্বর ওয়ার্ডের নান্নু মিয়ার বাসায় ভাড়া থাকেন দাশপাড়া গ্রামের ইসমাইল প্যাদার ছেলে রুবেল। বৃহস্পতিবার বিকালে তিনি বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য গ্রামের বাড়ি যান । শুক্রবার ভোরে গোয়াল ঘর থেকে গরু বের করার সময়ে ঘরের এক কোনে তিনটি মেছো বাঘের বাচ্চা দেখতে পান তিনি। পরে বাচ্চা তিনটি উদ্ধার করে উপজেলা বন বিভাগের কর্মকর্তার কাছে নিয়ে যান।
উপজেলা বনবিভাগ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, যেহেতু বাচ্চাগুলো তাদের মায়ের কাছে ভাল থাকবে, সেজন্য বাচ্চা তিনটি মায়ের কাছে রাখার জন্য শুক্রবার রাতে প্রাপ্ত জায়গায় বাচ্চাগুলো রাখা হবে। এরপর মায়ের কাছে ফিরে না গেলে পটুয়াখালী বন বিভাগ অফিসে হস্তান্তর করা হবে।