ইউক্রেনের সেনাদের সরকার উৎখাতের আহ্বান পুতিনের  

ইউক্রেনের সেনাবাহিনীকে দেশটির সরকার উৎখাতের আহ্বান জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সেনাবাহিনীর উদ্দেশে এক টেলিভিশন ভাষণে পুতিন এমন আহ্বান জানান। 

এ সময় পুতিন ইউক্রেনের সরকারকে 'সন্ত্রাসী', 'মাদকাসক্ত ও নব্য-নাৎসিদের' একটি দল হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া পুতিন ইউক্রেনের সেনাবাহিনীকে নিজের হাতে ক্ষমতা তুলে নিতে আহ্বান জানান। 

পুতিন বলেন, 'মনে হচ্ছে মাদকাসক্ত ও নব্য-নাৎসিদের এই দলের চেয়ে আপনাদের সঙ্গে একমত হওয়া আমাদের পক্ষে সহজ হবে।' 

কিয়েভের নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যিনি একজন ইহুদি।

এর আগে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের সময় পুতিন বলেন, ইউক্রেনের সঙ্গে উচ্চ-পর্যায়ে আলোচনার জন্য প্রস্তত রাশিয়া। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানায় রাশিয়ার সংবাদ সংস্থা তাস।  

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, 'রাশিয়া ইউক্রেনীয় পক্ষের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করতে প্রস্তুত।'