পশ্চিমাদের পাল্টা নিষেধাজ্ঞার হুমকি রাশিয়ার 

পশ্চিমা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে চলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তার উত্তর হিসেবেই শুক্রবার (২৫ জানুয়ারি) এমন হুমকি দিলো রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য সমস্যা সৃষ্টি করবে। তবে সেগুলো সমাধানযোগ্য। কারণ রাশিয়া বিদেশি আমদানির উপর নির্ভরতা হ্রাস করেছে।

সংবাদ সম্মেলনে পেসকভ আরও বলেন, ‘পাশ্চাত্যের দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া সমস্যায় পড়বে— এটি সত্য, কিন্তু সেসব সমস্যা দীর্ঘস্থায়ী হবে না; কারণ গত কয়েক বছর ধরে রাশিয়া বিদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নির্ভরশীলতা কমাচ্ছে।’ ইউক্রেনে রাশিয়ার আক্রমণ কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি তিনি।

ইউক্রেনে বেসামরিক মৃত্যুর বিষয়ে জানতে চাইলে দিমিত্রি পেসকভ বলেন, এই প্রশ্ন সামরিক বাহিনীকে করা উচিত।