গত চার বছর ধরে ইউক্রেনের ক্রিকেটকে শক্ত জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কবুস ওলিভিয়ের। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের জুলাইয়ে আইসিসি সহযোগী সদস্যপদ পাওয়ার সম্ভাবনা রয়েছে ইউক্রেনের। কিন্তু রাশিয়ার আগ্রাসনের পর ক্রিকেটের ভবিষ্যত্টাই এখন শঙ্কার মধ্যে দাঁড়িয়ে। নিজের জীবন নিয়ে আতঙ্কে আছেন ওলিভিয়েরও।
ইউক্রেন ক্রিকেট ফেডারেশনের সিইও বিস্ফারণ থেকে রক্ষা পেতে গদি দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছেন ঘরের জানালাগুলো। ভয়ানক পরিস্থিতি থেকে স্বস্তি পেতে বেছে নিয়েছেন ক্রিকেটকে। দক্ষিণ আফ্রিকায় ঘরোয়া ক্রিকেট খেলেছেন এবং ১৪ বছর কাজ করেছেন কেপটাউন বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট পরিচালক হিসেবে। যেখান থেকে ওঠে এসেছেন গ্রায়েম স্মিথের মতো কিংবদন্তিরা।
চার বছর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের এক প্রাইভেট স্কুলের প্রিন্সিপালের দায়িত্ব নেন ওলিভিয়ের। সেখানেই ক্রিকেটের বীজ বুনেন তিনি। যদিও ইউক্রেনের হয়ে ক্রিকেট খেলে যাচ্ছেন মেডিক্যালে পড়াশুনা করতে আসা ভারতীয় শিক্ষার্থীরা। তবে ইউক্রেনের শিশু ও যুবকদের মনে ইতিমধ্যেই ক্রিকেটের আগ্রহ সৃষ্টি করেছেন ওলিভিয়ের।
তিনি বলেন, ‘ক্রিকেট সত্যিই যুবকদের নজর কেড়েছে কারণ তারা নতুন কিছু চেষ্টা করতে চায়। বিশেষ করে মেয়েরা খেলাটিকে দ্রুত এগিয়ে নিয়েছে। আমি সর্বোচ্চ আশাই করতে পারি। আর কিছু করার নেই।’ ওলিভিয়েরের মূল চিন্তা খারকিভ নিয়ে। যা ইউক্রেনের দ্বিতীয় বড় শহর। সেখানেই ক্রিকেটের হেডকোয়ার্টার্স বানানোর পরিকল্পনা আছে ওলিভিয়েরের। কিন্তু শহরটি রাশিয়ান সামরিক বাহিনীর মূল লক্ষ্যে পরিণত হয়েছে। তবে পরিস্থিতি যাই হোক ক্রিকেট ছেড়ে যাবেন না ওলিভিয়ের।