বরিশালের চরমোনাই সংলগ্ন আঁড়িয়াল খাঁ নদে মাহফিলগামী ট্রলার ডুবির চারদিন পর আরও একজনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আঁড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান। তিনি জানান, উদ্ধারকৃত লাশটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রুদ্রপুরের মৃত কছিমুদ্দিম শেখের পুত্র রফিকুল ইসলামের। তার ছবির সাথে মুখমণ্ডলের মিল দেখে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। বাকি শনাক্ত তার স্বজনরা করবেন।
বরিশাল নৌ-সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, গতকাল একজনের লাশ উদ্ধার নিয়ে মোট চারজনের লাশ উদ্ধার হলো। আরও একজন নিখোঁজ রয়েছে।
প্রসঙ্গত, ২২ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে ট্রলারযোগে রওনা দেয় ৪২ মুসল্লি। রাত একটার দিকে বরিশালের আঁড়িয়াল খাঁ নদে লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এরপর থেকে ৫ জন নিখোঁজ থাকলেও তিনজনের লাশ উদ্ধার করা হয় এবং শনিবার একজনের লাশ উদ্ধার করা হয়েছে।