বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের একটি পুলের ভগ্নদশার কারণে এলাকার শিক্ষার্থী সহ হাজারো মানুষ ভোগান্তি পোহাচ্ছে। সংস্কার কিংবা মেরামত না হলে পুলটি যে কোন মূহুর্তে ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা।
ইউনিয়নের ভাটখালী-গজালিয়া খালের তালুকদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন এ পুলটি ৫ বছর ধরে ভগ্ন অবস্থায় পড়ে আছে। এলাকার লোকজনকে প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হতে হয়। তাতে আবার নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। পুলের উপর মানুষ উঠলেই সেটি দুলতে থাকে। মহিলা ও শিশুরা এ ভগ্ন পুল দিয়ে পারাপারে ভয় পায়। হাত ধরে পাড় করাতে হয় তাদের। পুল দিয়ে মাথায় বোঁঝা নি।য়ে পার হবার সময় পড়ে গিয়ে পা ভেঙ্গেছে মুদি দোকানি ফোরকান আলী। পা ভেঙ্গে দুই মাস যাবত বিছানায় পড়ে আছেন ।
প্রতিদিন এ পুল দিয়ে খারইখালী ,পঞ্চকরণ, ভাটখালী, সোনাখালী গ্রামের কমপক্ষে অর্ধ সহস্রাধিক লোক যাতায়াত করে। এছাড়াও হাজী মহের উদ্দিন দাখিল মাদ্রাসা, এবি গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য গজালিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীসহ তালুকদার বাড়ি জামে মসজিদে মুসুল্লিরা এ পুল দিয়ে আসা-যাওয়া করে।
গ্রামের বাসিন্দা শাহজাহান শেখ(৬৫),জাফর শেখ (৭০), দোকানদার কালাম তালুকদার (৬২) জানান, পুলটি নতুন করে মেরামত করা প্রয়োজন। না হলে যে কোন মূহুর্তে ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।
উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, এলাকাবাসীর আবেদন ও এলজিআরডি’র বরাদ্দ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।