জিহ্বা কেটে স্ত্রীকে কুপিয়ে হত্যা!

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মমিনুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি তার স্ত্রী শাহীনুর বেগমের (৫৫) জিহ্বা কেটে ও কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শেখরনগর ইউনিয়নের পশ্চিম পাউশার গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মমিনুল পলাতক।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত্ স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার বিচার সালিশ হয়েছে। বৃহস্পতিবার রাতে স্ত্রীর জিহ্বা কেটে ও তাকে কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় মমিনুল। পরে শুক্রবার সকালে নিহতের স্বজনরা শাহিনুর বেগমকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত শাহিনুর বেগমের ভাই সুলতান মিয়া জানান, প্রায় ৩৮ বছর আগে আমার বোনের সাথে বিয়ে হয় মমিনুলের। বিয়ের পর থেকেই বোনের ওপর নির্যাতন চালিয়ে আসছিল মমিনুল। বৃহস্পতিবার দিবাগত রাতে আমার বোনকে অমানুসিক নির্যাতন করে সে। একপর্যায়ে সে আমার বোনের জিহ্বা কেটে ফেলে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে। পরে শুক্রবার  সকালে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে আমার বোন মারা যায়।

শেখরনগর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, আইনের মাধ্যমে মমিনুলের উপযুক্ত শাস্তি হোক এটাই আমরা চাই। সিরাজদিখান থানার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালে আছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।