আড়াইহাজারে সায়মা আক্তার (১৬) নামে এক গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সায়মা উপজেলার উচিত্পুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামের গোলজারের মেয়ে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এস আই) হুমায়ুন কবির জানান, মেয়েটির বাবার মানসিক সমস্যা রয়েছে। মেয়েটি তার চাচার কাছে থাকে। কিন্তু চাচীর নির্যাতন সইতে না পেরে সে অপ্রাপ্তবয়সেই স্থানীয় গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতো। বৃহস্পতিবার সে কাজ করে ঘরে এসে শুয়ে থাকে। সকালে দরজা খুলতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা জানালা দিয়ে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শুক্রবার দুপুরে ঝুলন্ত অবস্থায় মেয়েটির লাশ উদ্ধার করে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না।