ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে খারকিভ। সেখানে গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) ঢুকে পড়ে রুশ সেনারা। দুই পক্ষের মধ্যে এই শহরে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। এর মধ্যে আজ রবিবার খারকিভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী খারকিভ শহরটির নিয়ন্ত্রণ আবার পুনর্দখল করেছে।
টেলিগ্রামে এক পোস্টে ওলেহ সিনেহুবভ বলেন, 'খারকিভের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি আমাদের হাতে। সশস্ত্র বাহিনী, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনী মিলে কাজ করছে এবং শহরটিকে শত্রুদের হাত থেকে সম্পূর্ণ মুক্ত করছে।'
খারকিভের বেসামরিক লোকেরাও বিবিসিকে বলেছে, এখন শহরটি ইউক্রেনীয় নিয়ন্ত্রণে ফেরত এসেছে।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে রুশ হামলায় এখন পর্যন্ত ২৪০ জন বেসামরিক হতাহত। এর মধ্যে নিহত হয়েছে অন্তত ৬৪ জন। জাতিসংঘের ত্রাণ সংস্থা এই তথ্য জানিয়েছে।
ইউক্রেনের পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় জানায়, ২৬ ফেব্রুয়ারি ৫টা পর্যন্ত মানবাধিকার কার্যালয় অন্তত ৬৪ জন নিহতসহ ২৪০ জন বেসামরিকের হতাহতের খবর জানিয়েছে।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এছাড়া বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কয়েকহাজার মানুষ বিদ্যুৎ বা পানিবিহীন অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে কয়েকশ’ বাড়ি।