স্মার্ট প্রিপেইড মিটার উৎপাদনে বিএসইকোর সাফল্য

দেশের প্রথম রাষ্ট্রীয় মালিকানাধীন স্মার্ট প্রিপেইড মিটার উৎপাদনকারী যৌথ কোম্পানি বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড (বিএসইকো) ইতোমধ্যেই তার সম্ভাবনা ও সাফল্য প্রমাণ করেছে। এটি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং মাল্টি-ন্যাশনাল কোম্পানি হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেডের একটি যৌথ উদ্যোগ।

এর মাধ্যমে দেশে উন্নত প্রযুক্তির স্থানান্তর এবং উৎপাদনের স্থানীয়করণ সম্ভব হচ্ছে। স্মার্ট প্রিপেইড মিটারের ব্যাপক চাহিদার মুখে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের জন্য সারা দেশে স্মার্ট প্রিপেইড মিটার চালু করার উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড বৈদ্যুতিক প্রিপেইড মিটারের পাশাপাশি স্মার্ট গ্যাস মিটার এবং ওয়াটার মিটারের মতো বৈচিত্র্যময় পণ্য তৈরি করতে এবং সংশ্লিষ্ট রাজস্ব সংগ্রহের সিস্টেম প্রস্তুত করছে। প্রতিষ্ঠানটির টেকনিক্যাল পার্টনার এবং শেয়ারহোল্ডার চীনের স্মার্ট মিটার প্রস্ততকারক হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড।

সরকারি মালিকানাধীন বাংলাদেশের একটি কোম্পানি হিসাবে সরকার এই কারখানার পণ্যগুলোকে বাংলাদেশকে প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী করার জন্য একটি বড় সম্ভাবনা হিসেবে দেখেছে যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে। হেক্সিং ইলেকট্রিকাল কোম্পানি লিমিটেড ১৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করছে এবং বাংলাদেশে ৫ মিলিয়নেরও বেশি মিটার সরবরাহ করেছে ।

বিএসইকো সরকারি নীতিমালা এবং আইন-কানুন মেনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরপর দুই বছর লাভজনক অবস্থায় থাকা এই সরকারি প্রতিষ্ঠানটি চালু রাখতে সরকারের আরো সদয় দৃষ্টি প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রযাত্রায় অবদান রাখতে বিএসইকো যে অবদান রাখছে তা আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা করা যায়।