বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে --------------------রীভা গাঙ্গুলী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার  রীভা গাঙ্গুলী দাস বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের আরো উন্নয়ন হচ্ছে। ভারতের সঙ্গে সুবিধাবঞ্চিত বাংলাদেশের সীমান্তবর্তী কয়েকটি স্থানে সীমান্ত হাট বসবে। সিলেটের তামাবিলেও যাত্রীদের সেবার মান বৃদ্ধি করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ঘোড়ামারা গ্রামে ভারতীয় হাইকমিশনের আর্থিক সহায়তায় নির্মাণাধীন আধুনিক মণিপুরী থিয়েটার স্টুডিও নটমণ্ডপের উদ্বোধন ও মণিপুরীদের বর্ষবরণ বিষু উত্সবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মণিপুরী থিয়েটারের পরিচালক সুভাশিষ সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, নৃত্যশিল্পী তামান্না রহমান, মৌলভীবাজার উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন। আলোচনা শেষে নৃত্য ও নাটক পরিবেশিত হয়।