মানুষের মধ্যে রাগ ও চাপ দুটোই বেড়েছে। বিশ্বজুড়ে পরিচালিত গ্যালাপের এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। এক তৃতীয়াংশ জানিয়েছেন, তারা মানসিক চাপে থাকেন। পাঁচজনে একজন বলেছেন, তাদের দু:খ এবং রাগ দুটোই বেড়েছে।
‘বার্ষিক বিশ্ব আবেগ’ শীর্ষক গবেষণায় উত্তরদাতাদের কাছে ইতিবাচক ও নেতিবাচক বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। অংশগ্রহণকারীদের কাছ থেকে জরিপের আগের দিনের তথ্য জানার চেষ্টা করা হয়। ৩৯ ভাগ বলেছেন, তারা আগের দিন দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। ৩৫ ভাগ বলেছেন, তারা মানসিক চাপে ছিলেন। দেখা যাচ্ছে, মানসিক চাপের মাত্রাটা বেড়েছে এবং দুশ্চিন্তার সঙ্গে দু:খও বেড়েছে। ইতিবাচক দেশের তালিকায় থাকা প্রথম পাঁচটি দেশ হচ্ছে- প্যারাগুয়ে, পানামা, গুয়েতেমালা, মেক্সিকো এবং এলসালভেদর। এই তালিকায় যুক্তরাষ্ট্র ৩৯তম, যুক্তরাজ্য ৪৬ এবং ভারত ৯৩তম স্থানে। নেতিবাচক মনোভাবে থাকা দেশের মধ্যে প্রথম পাঁচটি- চাদ, নাইজার, সিয়েরালিওন, ইরাক এবং ইরান। এছাড়া মানসিক চাপে থাকা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রও আছে। বৃহস্পতিবার গ্যালাপের জরিপের তথ্য প্রকাশ করা হয়। ১৪০টি দেশে ১ লাখ ৫০ হাজার মানুষের ওপর জরিপ চালানো হয়েছে। -বিবিসি