ইউক্রেনে রাশিয়ান আক্রমণে সহায়তা করার জন্য নিজস্ব সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বেলারুশ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথয় জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে যে, বেলারুশ সেনা মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা আজ থেকে শুরু হতে পারে।
বিবিসি এই তথ্য নিশ্চিত করতে হোয়াইট হাউস ও পেন্টাগনকে ইমেল করেছে। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট একাধিক সূত্রের বরাত দিয়ে বলেছে যে, বেলারুশের প্যারাট্রুপারদের মোতায়েন করা হতে পারে।
রাশিয়ার দীর্ঘদিনের মিত্র বেলারুশের উত্তরে ইউক্রেনের সীমান্ত রয়েছে। এর স্বৈরাচারী সরকার রবিবার তার অ-পারমাণবিক অবস্থা পরিত্যাগ করার জন্য ভোট দিয়েছে। এতে করে রাশিয়ার জন্য সেখানে পারমাণবিক অস্ত্র স্থাপনের পথ সুগম হলো।
রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন , বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো তাকে একটি ফোন কলে প্রতিশ্রুতি দিয়েছেন যে বেলারুশের সেনাদের ইউক্রেনে পাঠানো হবে না। বিবিসি