মাদারীপুরের শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকায় সোমবার (২৮ ফেব্রুয়ারি) সড়ক দুর্ঘটনায় মা জেসমিন বেগম (৩৬) ও মেয়ে মাহফুকা আক্তার (৭) নিহত হয়েছে। মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জেসমিন বেগম শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের হারুণ ফরাজীর স্ত্রী ও মেয়ে মাহফুজা আক্তার।
স্থানীয়দের বরাতে দিয়ে ওসি মো. মিরাজ হোসেন জানান, সোমবার সকালে নিহতরা ভ্যানযোগে শিবচর শহরের দিকে যাওয়ার পথে মাদারীপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে শিশু মাহফুজা ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় জেসমিন বেগমসহ ভ্যানচালক ও আরেক যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ভ্যানচাপা দিয়ে ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করলেও ট্রাকটি আটক করা যায়নি। তবে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব দ্রুত ট্রাক ও চালককে আটক করা হবে। নিহতের পরিবার থানায় মামলা দিলে আমলে নেওয়া হবে।