ভারতের বনগাঁসহ পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভার নির্বাচনের কারণে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে একদিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে পুনরায় দু’দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য চালু হয়েছে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, আমাদের বনগাসহ পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভার নির্বাচন থাকায় নিরাপত্তাজনিত কারণে গতকাল রবিবার সাধারণ সরকারি ছুটি ছিল। এ কারণে রবিবার বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ ছিল। আজ সোমবার সকাল থেকে পুনরায় তা চালু হয়েছে।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের বনগা পৌরসভা নির্বাচনের কারণে গতকাল বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ ছিল। আজ সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি রফতানি পুনরায় চালু হয়েছে। সকাল থেকে বেলা ১১ পর্যন্ত ৬১ টি আমদানি পণ্য বোঝায় ট্রাক ও ৭০ টি চ্যাসিজ বেনাপোল বন্দরে প্রবেশ করে এবং বেনাপোল থেকে ৫৪ ট্রাক রফতানি পণ্য নিয়ে পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা শিকদার জানান, ভারতে নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে একদিন আমদানি রফতানি বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় তা চালু হয়েছে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, রবিবার বনগাসহ পশ্চিমবঙ্গের ১০৮ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের কারণে সরকারি সাধারণ ছুটি থাকায় গতকাল বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ ছিল। তবে বেনাপোল বন্দর থেকে পণ্য লোড আনলোডসহ কাস্টমসের সকল কার্যক্রম স্বাভাবিক ছিল। আজ সোমবার সকাল থেকে দুদেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য চালু হওয়ায় কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে বন্দর এলাকায়।