জামায়াতের সংস্কারপন্থী নেতারা তাদের নতুন রাজনৈতিক উদ্যোগের ঘোষণা দিতে যাচ্ছেন। আজ শনিবার রাজধানীর একটি মিলনায়তনে এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে। একটি ঘোষণাপত্রও তৈরী করেছেন সংস্কারপন্থীরা। এই উদ্যোগের মূল নেতৃত্বে রয়েছেন জামায়াত থেকে সম্প্রতি বহিষ্কৃত ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান মঞ্জু। তবে এই উদ্যোগের সঙ্গে মূল দল ও ছাত্রশিবিরের বর্তমান নেতাদের কেউ যেন সম্পৃক্ত হতে না পারেন, সেদিকে চোখ রাখছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা।
জানা গেছে, জামায়াতের সংস্কারপন্থীরা এখনই নতুন কোনো রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেবেন না। নিজেদের উদ্যোগের কথা জানাবেন। সেই উদ্যোগে সমাজে সাম্য, মানবতা, বৈষম্যহীনতাসহ ইতিবাচক রাজনীতির কথা ঘোষণা করা হবে।