ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘সাংবাদিকতার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে শিক্ষণ ও প্রশিক্ষণ জরুরি। প্রতিমুহূর্তে বদলে যাচ্ছে সাংবাদিকতা। এর সঙ্গে তাল মেলাতে হলে নিজের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণের জায়গা খুঁজে নিতে হবে।’
সোমবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিকতায় ‘শিক্ষণ: প্রশিক্ষণ ও বর্তমান চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন সভা প্রধান ও ঢাবির সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
শাহ আলমগীরের তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে এই আয়োজন করেন তার সুহৃদরা। আলোচনা সঞ্চালনা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।
আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শাহ আলমগীরদের মতো উদ্যমী মানুষের দেখানো পথে হাঁটতে হবে আজকের সাংবাদিকদের।
নির্ধারিত বক্তৃতায় মঞ্জুরুল আহসান বলেন, সাংবাদিকতার যে কোন অগ্রগতির জন্যে সাংবাদিক ইউনিয়নের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়া সভায় যুগান্তরের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম বলেন, সাংবাদিকদের প্রশিক্ষণের ধারা যে বহুমাত্রিক হতে পারে সেটা শাহ আলমগীর দেখিয়েছে। শাহ আলমগীরকে মূল্যায়ন করতে হলে সাংবাদিকদের মূল্যায়ন করা শিখতে হবে।
আলোচক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, সাংবাদিকতার উন্নয়নে শাহ আলমগীরের এত কাজ কাছাকাছি সময়ে আর কেউ করেনি। এর মূল্যায়ন হওয়া দরকার।
এছাড়া বক্তৃতা করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফরাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, কমিউনিটি রেডিও সংগঠন বিএনএনআরসি'র প্রধান নির্বাহী বজলুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক তাহমিনা খাতুন, সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক লাবণ্য আহমেদ, শাহ আলমগীর পত্নী ফৌজিয়া বেগম এবং বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা আলোচনায় অংশ নেন।