ইউক্রেন-রাশিয়া বৈঠক

দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করলেন বেলারুশ পররাষ্ট্রমন্ত্রী

রুশ-ইউক্রেন চলমান উত্তেজনা নিরসনে সোমবার বেলারুশের সীমান্তে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করছেন। ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টায় এ আলোচনা শুরু হয়। এখন পর্যন্ত আলোচনা চলছে।

বৈঠকে উপস্থিত আছেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই। তিনি দুই দেশের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘আপনারা পুরোপুরি নিরাপদ বোধ করতে পারেন।’ বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়।

 টুইটে উল্লেখ করা হয়, ‘প্রিয় বন্ধুরা, বেলারুশের প্রেসিডেন্ট আপনাদের স্বাগত জানিয়েছেন। আপনাদের কাজে যতটা সম্ভব সহযোগিতা করতে বলেছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি ও পুতিনের সঙ্গে যেমনটি কথা হয়েছিল, আপনারা পুরোপুরি নিরাপদ বোধ করতে পারেন।’

গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দুটি প্রধান দাবি নিয়ে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে দেখা করছেন ইউক্রেনের প্রতিনিধিরা। সেই দাবিগুলোর প্রথমটি হলো অনতিবিলম্বে যুদ্ধবিরতির চুক্তি করা। দ্বিতীয়টি হলো ইউক্রেন থেকে রাশিয়ার সব সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া।

এদিকে বার্তা সংস্থা এএফপি খবরে বলা হয়, বৈঠকে শুরুর আগে আগে ইউক্রেনের প্রিসেডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশটিকে ‘এখন’ই সদস্য করে নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। এক ভিডিও ভাষণে ৪৪ বছর বয়সী এই নেতা আহ্বান জানান, ‘নতুন বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এখনই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত করে নিতে আমরা আবেদন জানাচ্ছি।’

রাশিয়ান সেনাদের অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, ‘আপনারা অস্ত্র ফেলে দিয়ে এখান থেকে বিদায় নিন। আপনাদের কমান্ডার ও প্রোপাগান্ডা ছাড়ানোকারীদের বিশ্বাস করবেন না। নিজের জীবন বাঁচান।