শ্রীলঙ্কায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি

একদল অস্ত্রধারী গ্রুপের সঙ্গে পুলিশের ভয়াবহ গুলিবিনিময় হয়েছে বলে শ্রীলঙ্কার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে এ সংঘর্ষ বাধে। গত রবিবারের হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলাকালে এ গোলাগুলি হয়। খবর বিবিসির। 

শ্রীলঙ্কার সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, বাত্তিকালোয়ার কাছে আমপারা সেইনথামারুথু শহরে পুলিশের অভিযানকালে এক বিস্ফোরণও ঘটেছে। এছাড়া আরো এক অভিযানে বিস্ফোরকসহ আইএসের ইউনিফর্ম জব্দ করেছে দেশটির পুলিশ।

গত ইস্টার সানডে তে চার্চ ও অভিজাত হোটেলে ভয়াবহ সিরিজ হামলায় ২৫৩ জন নিহত হয়। এছাড়া এতে পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছে। দেশটির পুলিশ  এই হামলায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করেছে।

এছাড়া অভিযান অব্যাহত আছে বলে খবরে বলা হয়েছে।

ইত্তেফাক/এসআর