প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বিজেপি। এ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। শুক্রবার সাফ জানিয়ে দিয়েছে ভারতের শীর্ষ আদালত। এরফলে লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ছবি প্রদর্শনের উপর কমিশনের নিষেধাজ্ঞা বহাল থাকবে।
শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত একটি বেঞ্চ বলেন,‘বিষয়টি নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত। এ নিয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যেই একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমরা এ নিয়ে আর মাথা ঘামাতে রাজি নই।’
গত ১১ এপ্রিল মোদির বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’র মুক্তি পাওয়ার কথা ছিল। বিজেপির পরিকল্পনা ছিল, বিবেক ওবেরয় অভিনীত ওই বায়োপিকটি কেন্দ্র করে দেশজুড়ে ‘মোদি-হাওয়া’ তোলা। তবে এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। বায়োপিকটি মুক্তি পেলে তা ভোটারদের প্রভাবিত করতে পারে দাবি করে এর মুক্তি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে যান কংগ্রেসকর্মী আমন পওয়ার। সুপ্রিম কোর্ট অবশ্য তখন জানিয়েছিল, এ নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
আরো পড়ুন: শ্রীলঙ্কায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি
এরপর ১০ এপ্রিল নির্বাচন কমিশন বায়োপিকটি প্রদর্শনের ক্ষেত্রে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করে। কমিশন জানিয়েছিল, আগামী ১৯ মে পর্যন্ত অর্থাত্ লোকসভা ভোটের শেষ দফা না মিটলে ওই বায়োপিকটি প্রেক্ষাগৃহে দেখানো যাবে না। এ নিয়ে কমিশনের যুক্তি ছিল, ভোটের সময় ফিল্মটি মুক্তি পেলে তা রাজনৈতিক পরিবেশ ও ভারসাম্য নষ্ট করতে পারে।
ইত্তেফাক/এসআর