মেলায় যাওয়ার পথে প্রাণ গেলো ২ নারীর

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মমতা মণ্ডল (৫০) ও মিনা রানী বিশ্বাস (৪০) নামে দুই নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বুড়িখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মমতা মণ্ডল যশোরের অভয়নগর থানার সামসপুর গ্রামের সুবোল মণ্ডলের স্ত্রী। মিনা রানী একই গ্রামের হরিচাঁদ বিশ্বাসের স্ত্রী। এ ঘটনায় থ্রি-হুইলারচালকসহ ৬ যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন- একই গ্রামের নিদ্রা মণ্ডল, অলোকা বিশ্বাস, টুকু রানী বিশ্বাস, দিপা মণ্ডল, ঝর্ণা রায় ও থ্রি-হুইলার চালক মো. আশরাফ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, অভয়নগর উপজেলার সামসপুর গ্রাম থেকে পাঁচটি থ্রি-হুইলারে সনাতন ধর্মাবলম্বীর কমপক্ষে ৪০ জন নারী-পুরুষ নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুরের তারক গোসাইয়ের মেলায় যাচ্ছিলেন। পথে বুড়িখালী নামকস্থানে খানজাহান আলী পরিবহনের একটি বাসের সঙ্গে একটি থ্রি-হুইলারের সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারটি দুমড়ে মুচড়ে আটজন মারাত্মক আহত হন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনা রানীকে মৃত ঘোষণা করেন। বিকেল ৫টার দিকে মমতা মণ্ডল মারা যান।