অপরাজিতই থাকলো দক্ষিণ আফ্রিকা

জিততে হলে গড়তে হতো বিশ্বরেকর্ড। তবে শেষ দিনে কিউইদের মনে জয়ের থেকে ড্রয়ের ভাবনা প্রাধান্য পাওয়াটাই স্বাভাবিক। সিরিজ জিততে ততটুকুই যথেষ্ট ছিল। কিন্তু কঠিন পথটা পাড়ি দিতে পারেনি নিউজিল্যান্ড।

চা বিরতির পরই নিশ্চিত হয়ে যায় হার। ১৯৮ রানের বড় জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে সমতা করে দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে বজায় রাখে কিউইদের কাছে টেস্ট সিরিজ (১৭টি) অপরাজিত থাকার রেকর্ডটি। অন্যদিকে, সিরিজ জয়ের অপেক্ষা আরও বাড়ল টম লাথামদের।

ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাটিং নিয়ে ম্যাচ জেতার রেকর্ড ছিল না। কিন্তু উইকেট অল্প ঘাস দেখে আর অতীতের কথা ভাবেননি প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। দিনশেষে তিনিই সফল। ৪২৬ রানের লক্ষ্যে খেলতে নামা নিউজিল্যান্ড গুটিয়ে যায় ২২৭ রানে।

৪ উইকেটে ৯৪ রানে শুরু করেছিল শেষ দিন। আশা জোগালেও প্রথম সেশনটা পার করতে পারেননি আগের দিনের অপরাজিত দুই ব্যাটার ডেভন কনওয়ে ও টম ব্লানডেল। কনওয়েকে ফিরিয়ে ৮৫ রানের জুটিটি ভাঙেন লুথো সিপামলা। এরপর লোয়ার মিডল অর্ডারে একাই ধস নামান মার্কো ইয়ানসেন।

পরে আর প্রতিরোধ গড়তে পারেনি স্বাগতিকরা। বৃষ্টি বাগড়া দিলেও সেটা কেবল মাত্র ক্ষণিকের জন্য। প্রথম ইনিংসে ৫ উইকেট সহ ম্যাচে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা কাগিসো রাবাদা। সিরিজ-সেরার পুরস্কার উঠে দুই ম্যাচে ১৪ উইকেট নেওয়া কিউই পেসার ম্যাট হেনরির হাতে।