প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মহা দুশ্চিন্তায় ছিল। প্রথম ম্যাচে পুচকে স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হেরে কিংসের রাজত্ব যেন হাতছাড়া হওয়ার জোগাড়। সেই কিংস এখন হাসছে। তাদের মুখে হাসির ঝিলিক। কারণ, কিংসের সবচেয়ে বড় প্রতিপক্ষ আবাহনী হেরেছে।
মঙ্গলবার (১ মার্চ) সিলেটের মাঠে নিজেদের ভেন্যুতে আবাহনী ২-৩ গোলে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে গেছে। গোল করে এগিয়ে (১-০) থাকা আবাহনী উল্টো তিন গোল হজম করেছে। লিগে আবাহনী প্রথম হারের মুখ দেখলো। এই হারে খুশি হয়েছে বসুন্ধরা কিংস। এখন ৬ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে কিংস সবার ওপরে। অন্যদিকে, আবাহনী ৬ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আগামী শনিবার ঢাকায় নিজেদের মাঠে বসুন্ধরার খেলা মোহামেডানের বিপক্ষে।
সিলেট আবাহনীর নিজেদের ভেন্যু। এই মাঠে আবাহনী লড়াই করতে নেমে দারুণ খেলছিল। গোল করে এগিয়েও গেলো। আবাহনীর আক্রমণভাগে রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার কলিন্দ্রেসের গোলে ১৬ মিনিটে এগিয়ে যায় আবাহনী ১-০। আবাহনীও ধরে নিয়েছিল প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী আর ফেরার সুযোগ পাবে না।
চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক। তার জানা আছে আবাহনীর দুর্বলতা কোথায়। পতুর্গিজ কোচ মারিও লেমসসের আবাহনীকে ঘায়েল করার সূক্ষ্ণ পথ খুঁজে বের করেছেন। ১৬ মিনিটে গোল হজম করার ২০ মিনিটে চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান পিটার থ্যাঙ্কাগড গোল করে সমতা আনেন ১-১। ব্যাস, এই এক গোল করেই চট্টগ্রাম আবাহনীর আগুনঝরা আক্রমণে ঢাকার বড় দল আবাহনীর খেলোয়াড়রা যেন পুড়তে শুরু করলো। ১৭ মিনিটের ব্যবধানে আবাহনীর জালে আবার বল জড়িয়ে গেলো। পিছিয়ে গেলো আবাহনী। দক্ষিণ আফ্রিকার উইলিয়াম তাওয়ালা গোল করে এগিয়ে দিলেন ২-১। আবাহনী তখন চোখেমুখে অন্ধকার দেখছে। আক্রমণ করে গোল শোধ করা তো দূরের কথা উল্টো দ্বিতীয়ার্ধে গোল হজম করে আরও পিছিয়ে যায় আবাহনী। ৬৪ মিনিটে আফগানিস্তানের অমিদ পাপাজ্জি আবাহনীর বুকে পেরেক ঠুকে দিলো। ৩-১ গোলে পিছিয়ে গেলো আবাহনী। অন্ধকারে হারিয়ে যাওয়া আবাহনীর সান্তা হচ্ছে ৮৯ মিনিটে ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তোর গোল ২-৩।
হ্যাটট্রিকে সাইফ স্পোর্টিংয়ের বড় জয়
সাইফ স্পোর্টিংয়ের ওপর দিয়ে ঝড় যাচ্ছিল। শাস্তি, জরিমানা গুনতে গিয়ে তারা বিরক্ত। রেফারির আচরণ ভালো নয়। বার বার বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনও স্বীকার করে নিয়েছেন বঞ্চিত হওয়ার বিষয়টা। ত্যক্তবিরক্ত সাইফ স্পোর্টিংয়ের মুখে হাসি ফুটছে। মঙ্গলবার রাজশাহীর মাঠে বড় জয় পেয়েছে তারা। সাইফ ৫-১ গোলে হারিয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘকে। হ্যাটট্রিক করেছেন নাইজেরিয়ান এমেকা ওগবুগ। এমিরি বাইসেঙ্গে ও আসরর গফুরভ গোল করেন। স্বাধীনতার গোলটি নাদিবের।