রুশ সেনাদের খেরসন দখল নিয়ে যা বলছেন মেয়র

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসন দখল করে নিয়েছে রুশ সেনারা। সেখানকার পরিস্থিতি কী অবস্থায় আছে তা জানিয়েছেন শহরের মেয়র ইগোর কোলিখায়েভ। তিনি জানান, শহরের রেল স্টেশন ও বন্দর এখন রুশ সেনাদের দখলে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, খেরসন দখলের পর সেখানকার রাস্তায় অবস্থান নিয়েছে রুশ সেনারা।

ইগোর কোলিখায়েভ জানান, শহরে সংঘর্ষ চলছে। রুশ সেনারা খেরসনের রেল স্টেশন ও বন্দর দখল করে নিয়েছে। এসব ঘটনায় অনেক ইউক্রেনীয় সেনা ও বেসামরিকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এখন মানুষদের নিরাপদে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে।

বিবিসি জানায়, খেরসনে প্রায় ৩ লাখ মানুষের বসবাস। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের বেশিরভাগ দেখা গেছে দক্ষিণাঞ্চলের শহরগুলোতে। যার মধ্যে অন্যতম খারকিভ, খেরসন, ওদেশা ও লাইকোলাইভ।