মাশরুম চাষ করে উদ্যোক্তা হিসেবে সফলতা পেয়েছেন চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের মো. আব্দুল হালিম। বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে নিজেকে পরিচিত করে তুলেছেন তরুণ এ উদ্যোক্তা।
আ. হালিম জানান, প্রথম স্পন প্যাকেট থেকে ২৫ থেকে ৩০ দিনের মধ্যে ফলন আসে। দুই কেজির একটি স্পন প্যাকেট থেকে প্রায় দুই কেজি মাশরুম পাওয়া যায়। তিনি প্রতিদিন ১২ থেকে ১৫ কেজি মাশরুম বিক্রি করেন। প্রতি কেজি কাঁচা মাশরুম ২৫০ থেকে ৩০০ টাকা ও শুকানো মাশরুম ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়। হালিম উৎপাদিত মাশরুম ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করছেন। এছাড়াও কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাশরুম পাঠান বলে তিনি জানান। তার খামারে মাশরুম চাষে প্রতিদিন চার জন শ্রমিক কাজ করছেন। তাদের প্রতি মাসে ৫ হাজার টাকা পর্যন্ত বেতন দিয়ে হয়। তার এই খামারে ভবিষ্যতে আরো বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন বলে তিনি মনে করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ বলেন, এদেশের আবহাওয়া ও জলবায়ু মাশরুম চাষের উপযোগী। উপজেলায় বাণিজ্যিক ও ব্যক্তি উদ্যোগে ১২টি পয়েন্টে মাশরুম চাষ হচ্ছে। তা থেকে প্রায় দুই মেট্রিক টন মাশরুম উৎপাদিত হচ্ছে।