খুলনার ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নে বাড়ি নির্মাণের সময় মাটির নিচ থেকে মিলেছে অস্ত্র ও গোলাবারুদ। বুধবার (২ মার্চ) কুশারহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ঘোনাতালতলা গ্রামের প্রতিভা মন্ডলের বাড়ির ভীত নির্মাণের জন্য মাটি খোঁড়া হলে সেখানে অস্ত্র-শস্ত্রের সন্ধান মেলে।
জানা যায়, এদিন কুশারহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ঘোনাতালতলা গ্রামের প্রতিভা মন্ডলের বাড়ির ভীত নির্মাণের জন্য মাটি খুঁড়তে কাজ শুরু করে শ্রমিকরা। কিছুক্ষণ মাটি খোঁড়া পর মাটির নিচে অস্ত্র-শস্ত্র দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ এসে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বন্দুকের ৬০ পিছ কার্টুজ ও ৭০ পিছ এসএমজির অকেজো গুলি, ১টি ১ নলা ও ১টি ২ নলা বন্দুকের অকেজো নল উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, বাড়ির মালিকের অজান্তে অপরাধীরা দীর্ঘদিন আগে রাতের আঁধারে এ অস্ত্র ও গোলাবারুদ মাটির নিচে লুকিয়ে রেখে যায়। এ ব্যাপারে তথ্য উদঘাটনের জন্য তদন্ত করা হচ্ছে। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।