টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেল ব্রিজে টিকটকের শুটিং করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আলহাজ্ব হোসেন (১৫)। 

বুধবার (২ মার্চ) সকালে কালিকাপুর রেল ব্রিজে টিকটকের শুটিংয়ের সময় খুলনা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী মেইল ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। আলহাজ্ব হোসেন পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদাহ গ্রামের মো. রেজাউল হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আলহাজ্ব হোসেন করোনা ভাইরাসের টিকা নিতে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিল। টিকা নেওয়ার পরে কয়েক জন বন্ধুর সঙ্গে কালিকাপুর রেল ব্রিজে শুটিং করতে যায়। পরে বন্ধুদের সঙ্গে টিকটক শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠলে হঠাৎ রাজবাড়ীগামী মেইল ট্রেনটি এসে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রেললাইনের ওপর থেকে লাশ নিচে নামিয়ে রাখে। 

রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাজবাড়ী জিআরপি থানাপুলিশ লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী জিআরপি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।