চিপ উৎপাদনে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে ইউএমসি

সিঙ্গাপুরে চিপ উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে ৫০০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে তাইওয়ানের ইউনাইটেড মাইক্রোইলেকট্রনিক্স করপোরেশন (ইউএমসি)।

বৈশ্বিক চিপস্বল্পতার মধ্যে গ্রাহকদের কাছে নির্ধারিত সময়ে ক্রয়াদেশ তুলে দিতে এ পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বের চতুর্থ বৃহত্তম চিপ নির্মাতা কোম্পানিটি।

ইউএমসি চুক্তিভিত্তিক চিপ নির্মাণ করে থাকে। কোম্পানিটির গ্রাহক তালিকায় স্যামসাং, মিডিয়াটেক ও কোয়ালকমের মতো সেমিকন্ডাক্টর জায়ান্ট রয়েছে। সিঙ্গাপুরে বিদ্যমান উৎপাদন কারখানার পাশাপাশি আরেকটি নতুন চিপ কারখানা স্থাপন করতে যাচ্ছে ইউএমসি।

নতুন কারখানায় ২২ থেকে ২৮ ন্যানোমিটার প্রযুক্তির চিপ তৈরি হবে। ইউএমসি জানায়, নতুন কারখানায় ২০২৪ সালের শেষের দিকে উৎপাদন শুরু হবে। প্রতি মাসে ৩০ হাজার ওয়েফার নির্মাণ সক্ষমতা থাকবে কারখানাটির।

বিশ্বের প্রায় সব চিপ নির্মাতা কোম্পানি যখন বিনিয়োগ বৃদ্ধির ঘোষণা দিচ্ছে, তখন সে তালিকায় যুক্ত হলো ইউএমসিও।