রক্ত দেখলেই ভয় পান আফরান নিশো

নাটকের পাশাপাশি এরইমধ্যে ওয়েব সিরিজেও দারুণ প্রশংসিত হয়েছেন অভিনেতা আফরান নিশো। সেই ধারাবাহিকতায় নতুন আরো একটি ওয়েব ফিল্মে নাম লেখালেন তিনি। এরইমধ্যে ‘কাইজার’ নামের এই সিরিজটির শুটিংয়ে অংশ নিয়েছেন নিশো।

কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল হইচইয়ের ঘোষিত ওয়েব সিরিজ ‘কাইজার’ নিয়ে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে অনেক কথা শোনা গেলেও অবশেষে জানা গেল নানা চমক নিয়ে সিরিজটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ ‘কাইজার’-এর নাম ভূমিকায় অভিনয় করছেন নিশো। এটি পরিচালনা করছেন তানিম নূর। গতকাল থেকে রাজধানী ঢাকার একটি লোকেশনে এর শুটিং শুরু হয়েছে। প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন নিশোসহ অনেকেই। শুধু ঢাকা নয়, এর বাইরে বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হবে টানা ২০ দিন।

এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘এখানে একদমই নতুন এবং একদমই ভিন্ন এক চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন, কাইজার-এর নাম ভূমিকায়। এর বেশি আপাতত কিছুই বলতে চাই না।’

এর আগে ‘কাইজার’ সম্পর্কে ধারণা দিতে গিয়ে হইচই জানিয়েছিল, হোমিসাইড ডিটেকটিভ কাইজার চৌধুরী। পেশায় পুলিশ এই গোয়েন্দা আবার রক্ত দেখলেই ভয় পান। তাকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন ‘কন্ট্রাক্ট’ খ্যাত তানিম নূর।

উল্লেখ্য, চতুর্থ বছর পূর্তিতে গত বছরেই ২০টি অরিজিনালস ওয়েব সিরিজের ঘোষণা দিয়েছিল ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম হইচই। তখন জানানো হয়, এরমধ্যে ৫টি কন্টেন্ট নির্মাণ করবেন বাংলাদেশের পাঁচ নির্মাতা। তারই একটির কেন্দ্রীয় চরিত্রে যুক্ত হলেন আফরান নিশো। এদিকে সম্প্রতি দেশীয় প্লাটফর্ম ‘চরকি’তে ভিকি জাহেদের ‘রেডরাম’ ওয়েব ফিল্ম দিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন আফরান নিশো। সেই রেশ কাটতে না কাটতেই এই তারকা নতুন ওয়েবে সিরিজে নাম লেখালেন