সিটি করপোরেশন এলাকায় ভবন নির্মাণে সিটি করপোরেশনের কোনো অনুমতি নিতে হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি জানান, ভবন নির্মাণের বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করতে হবে।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাজধানীতে ভবন নির্মাণে রাজউকের পাশাপাশি সিটি করপোরেশনের অনুমোদন নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলছে, এ ক্ষেত্রে সিটি করপোরেশনের অনুমতি নয়; তাদের ভবন নির্মাণের বিষয়ে অবহিত করতে হবে।
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক সভায় স্থানীয় সরকারমন্ত্রী বলেছিলেন, ‘যেকোনো অবকাঠামো নির্মাণের আগে রাজউকের পাশাপাশি দুই সিটি করপোরেশনের অনুমোদন নিতে হবে। অনুমোদন পেতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে মেয়রদেরও সতর্ক থাকতে হবে।’