শিক্ষকতা জীবনের শেষ দিনে কাঁদলেন, কাঁদালেন

হোমনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয়  প্রধান ড. শেখ হাবিবুর রহমানের বৃহস্পতিবার ছিল চাকরি জীবনের শেষ কর্মদিবস।

১৯৯০ সালের ১ জুলাই তিনি এই কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। গুণী এ শিক্ষকের শেষ কর্মদিবসে কলেজে উপস্থিত হন তার সাবেক শিক্ষার্থীরা। স্যারকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। এ সময় স্যারের চোখ দিয়েও পানি পড়তে দেখা গেছে।

এই কলেজের সাবেক শিক্ষার্থী ও ‘হোমনা রক্তের বন্ধন বন্ধু’ সংগঠনের চেয়ারম্যান মো. সেলিম জানান, এইচএসসি থেকে স্নাতক পর্যন্ত ৫ বছরের শিক্ষা জীবনে স্যারকে কোনোদিন ক্লাস কামাই দিতে দেখি নাই। তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের পাঠদান করেছেন। সাবেক শিক্ষার্থী ইয়ামিন জানান, স্যার শুধু ক্লাসে না, নিজের বাসায় ডেকে নিয়েও আমাদের শিক্ষা বিষয়ক বিভিন্ন পরামর্শ দেওয়াসহ সব সময় খোঁজ খবর রেখেছেন।

বিদায়ী শিক্ষক হাবিবুর রহমান জানান,  তিনি শিক্ষার্থীদের সব সময় নিজের সন্তানের মতই দেখেছেন। তিনি সবার মঙ্গল কামনা করেন এবং নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

৩২ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি একাধিকবার কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন। ১৯৮৪ সালে কলেজটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত তিনিই এ কলেজের একমাত্র পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক ছিলেন।