পুতিন-ম্যাক্রোঁর ৯০ মিনিট ফোনালাপ

ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর তৃতীয়বারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩ মার্চ) পুতিনের সঙ্গে ৯০ মিনিট কথা বলেন মাখোঁ। 

নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের ম্যাক্রোঁর এক সহযোগী বলেন,  পুতিনের সঙ্গে কথা বলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। 

তবে পুতিন ও জেলেনস্কির সঙ্গে ম্যাক্রোঁর কি কথা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।  

টানা অষ্টম দিনের মতো চলছে ইউক্রেন ও রাশিয়ার লড়াই। এতে দুই পক্ষের হতাহতের বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ ইউক্রেন দাবি করেছে, সংঘাতে এখন পর্যন্ত রাশিয়ার আনুমানিক নয় হাজার সেনা নিহত হয়েছে। 

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, অন্তত নয় হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছে। তবে বিবিসির পক্ষ থেকে এই তথ্যের সত্যতা যাচাই করা হয় নি।  

ইউক্রেনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, রাশিয়ার ২১৭টি ট্যাংক, ৯০টি আর্টিলারি সিস্টেম, ৩১টি হেলিকপ্টার, ৩০টি বিমান ধ্বংস হয়েছে। 

অন্যদিকে প্রথমবারের মত সংঘাতে নিজেদের সেনাদের হতাহতের সংখ্যা প্রকাশ করে রাশিয়া। দেশটি জানিয়েছে, তাদের ৪৯৮ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় এক হাজার ৬০০ জন।  

এছাড়া রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হামলায় দুই হাজার ৮৭০ জন ইউক্রেনীয় সেনা বা নাগরিক নিহত হয়েছে। তথ্যসূত্র: বিবিসি।