জাতীয় দলে অভিষেকের পর থেকেই টি-টোয়েন্টিতে নতুন বলে বাংলাদেশের প্রধান অস্ত্র হয়ে ওঠেছেন নাসুম আহমেদ। তার স্পিন ভেলকি ও আঁটসাঁট বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটাররা চাপে পড়ে যাচ্ছেন। যার সুফল পাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ মার্চ) আবারও নাসুমের স্পিন জাদুতে জয় পেয়েছে বাংলাদেশ।
তিনি এতটাই অবিশ্বাস্য বোলিং করেছেন যে, দলের প্রথম সাত ওভারের মধ্যে চারটিই নাসুমকে দিয়ে করান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এতে দলও বেশ সাফল্য পেয়েছে। আফগানিস্তানের শীর্ষ চার ব্যাটারকে ফিরিয়েছেন মাত্র ১০ রান খরচায়। ম্যাচসেরাও হয়েছে এই স্পিনার।
পুরস্কার নেওয়ার সময় নাসুম আহমেদ জানালেন সাফল্যের রহস্য। তিনি বলেন, ক্যারিয়ারে এবারই প্রথম দল থেকে বেঁধে দেওয়া কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। আর তাতেই সফল।
নাসুম আহমেদ বলেন, ‘আজকে প্রথম আমাকে একটা টার্গেট দেওয়া হয়েছিল। বলেছে পাওয়ারপ্লেতে ২ ওভার বল করে ১২ রানের বেশি যেন না দেই। আলহামদুলিল্লাহ, ৪ ওভারে ১০ রান খরচায় ৪ উইকেট পেয়েছি। আজকেই প্রথম দল থেকে পরিকল্পনা পেয়ে খেলতে নেমেছিলাম।’
পাওয়ারপ্লেতে একটাই টার্গেট থাকে জানিয়ে তিনি বলেন, ‘ব্যাটারের সঙ্গে আমি চ্যালেঞ্জ নেই যে, যত কম রান দেওয়া যায় আর দলকে একটা ভালো শুরু এনে দেওয়া। এটাই আমার লক্ষ্য ও পরিকল্পনা থাকে।’