দ্বিতীয় বারের মতো বৈঠকে বসেছে ইউক্রেন ও রাশিয়া। ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চত করেছেন। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
টুইটে মিখাইলো পোদোলিয়াক বলেছেন, তিনি এরং অন্যান্য কর্মকর্তারা বেলারুশে রুশ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেছেন।
এবারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হতে পারে তা উল্লেখ করেছেন পোদোলিয়াক। তাতে তিনটি বিষয়ের মধ্যে রয়েছে, শিগগির যুদ্ধবিরতি, যুদ্ধবিরতির চুক্তি এবং ধ্বংসপ্রাপ্ত বা যেসব গ্রাম ও শহরে গোলাগুলি চলছে সেখান থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার মানবিক করিডোর।
এর আগে গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেন-বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে দুই দেশের মধ্যে প্রথম বৈঠক শুরু হয়।