দালালের মাধ্যমে অবৈধভাবে লিবিয়ায় গিয়ে গ্রেফতার ১১৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা দালালদের ১১ থেকে ১৫ লাখ টাকা করে দিয়েছিল ইতালি যাওয়ার জন্য। ধরা পড়ার পর তাদের সবাই ৬ থেকে ৯ মাস পর্যন্ত জেল খেটেছেন। গতকাল সকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের দ্য ইউনাইটেড নেশনস মাইগ্রেশন এজেন্সির (আইওএম) সহায়তায় তারা দেশে ফিরেছেন। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০২১ সালের বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসায় দুবাই, ওমান, মালয়েশিয়া যান এসব ভুক্তভোগী। সেখান থেকে দালালের মাধ্যমে লিবিয়ায় গেলে, দালালরা ত্রিপোলিতে নিয়ে তাদের গেমঘরে রাখেন। সেখান থেকে বিভিন্ন সময় লিবিয়ার পুলিশ ও সেনাবাহিনীরা তাদের গ্রেফতার করে।
ভুক্তভোগীদের প্রত্যেকেই দালালদের ১১ থেকে ১৫ লাখ টাকা করে দিয়েছিলেন ইতালি যাওয়ার জন্য। তবে অবৈধ পথে ইতালি যাওয়ার পথে ধরা পড়ার পর যাত্রীদের সবাই ৬ থেকে ৯ মাস পর্যন্ত জেল খেটেছেন।
পরে আইওএম আউট পাশ নিয়ে তাদের উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। সবাইকে খাবার ও ৪ হাজার ৭৫০ টাকা অর্থ সহযোগিতা দেওয়া হয়েছে।