ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। এর পরই বিশ্বনেতারা রাশিয়াকে পুরো মহাদেশের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে। একই সঙ্গে নিন্দা জানিয়েছে তারা। খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৪ মার্চ) জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্যুৎকেন্দ্রটি এখন নিরাপদ এবং বিকিরণের মাত্রা স্বাভাবিক রয়েছে।
তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের বেপরোয়া এই হামলা প্রত্যক্ষভাবে পুরো ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মস্কোকে ওই স্থানের আশপাশে সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, রাশিয়ার ভয়াবহ হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর পরই তিন নেতাই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন।
ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন যে, রাশিয়ানরা ইচ্ছাকৃতভাবে জাপোরিঝিয়া প্ল্যান্টের ছয়টি চুল্লিতে তাপীয় ইমেজিং দিয়ে সজ্জিত ট্যাঙ্ক ব্যবহার করে গুলি করেছে। ১৯৮৬ সালের চেরনোবিলে বৈশ্বিক বিপর্যয়ের কথা মনে করিয়ে দিয়ে সতর্ক করে তিনি বলেন, জাপোরিঝিয়ায় জলাবদ্ধতার পরিণতি আরও খারাপ হবে। তিনি আরও বলেন, ‘বিস্ফোরণ হলেই সব শেষ। ইউরোপ শেষ।’
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) বলেছে, আগুন প্ল্যান্টের প্রয়োজনীয় সরঞ্জামকে প্রভাবিত করেনি। বিকিরণের মাত্রাও বৃদ্ধি পায়নি।