সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ ক্রীড়াঙ্গনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়েছে। তাই সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

নড়িয়া উপজেলা ছাত্রলীগ ও নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত শহীদ শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের একাংশ। ছবি- ফেসবুক থেকে নেওয়া

শুক্রবার (৪ মার্চ) সকালে শরীয়তপুরের নড়িয়া বিএল স্কুল মাঠে নড়িয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগের যৌথ আয়োজনে শহীদ শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

উপমন্ত্রী বলেন, খেলা যেমন মানুষের মনকে সুন্দর রাখে, তেমনি জীবনের চলার পথটা করে দেয় সুন্দর। সুস্থ দেহ থাকলে, একটা সুস্থ মনও থাকবে। এই মন আর এদিক-ওদিক যাবে না। এখন সমাজে একটা সাংঘাতিক অসুস্থতা দেখা যাচ্ছে। এই যেমন জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি-মানুষের মন-মানসিকতা একেবারেই নষ্ট করে দিচ্ছে। সমাজকে কলুষিত করে দিচ্ছে। এখান থেকে আমাদের যুব-সমাজকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য খেলাধুলার বিকল্প নেই।

এনামুল হক শামীম বলেন, বিশ্বের বুকে আমাদের গৌরবের একটি বড় স্থান করে দিয়েছে দেশের ক্রীড়াবিদরা। ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। আমাদের লক্ষ্য ক্রীড়াক্ষেত্রে সারাবিশ্বে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে, অসামান্য গৌরব বয়ে আনবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক ও নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাদশা শেখ, উপদেষ্টা ইমাম হোসেন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ভিপি সিরাজুল ইসলাম চুন্নু, দপ্তর সম্পাদক মাস্টার শাহআলম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর এ আলম আশিক প্রমুখ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।