টানা নবম দিনের মতো চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এই যুদ্ধ থামাবার জন্য বারবার কূটনৈতিক পথে আলোচনার চেষ্টা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা ফোনে কথা বলেছেন ম্যাক্রোঁ। ৯০ মিনিট ধরে কথা হয় তাদের।
এরপর ম্যাক্রোঁর ঘনিষ্ট সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, ফোনে কথা বলার পর ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান। পুতিন নিজেও বলেছেন, তিনি ইউক্রেনকে নব্য-নাৎসিদের হাত থেকে বাঁচাতে শেষপর্যন্ত যাবেন।
ম্যাক্রোঁর মতে, পুতিনের সঙ্গে কথা বলে তার মনে হয়েছে, আরও ভয়ংকর সময় আসছে। তার জন্য প্রস্তুত থাকা দরকার। পুতিনও জানিয়ে দিয়েছেন, তাদের অভিযান পরিকল্পনা মাফিক চলছে। তিনি নব্য-নাৎসিদের হাত থেকে পুরো ইউক্রেনকে মুক্ত করতে চান। তিনি মনে করেন, ইউক্রেন ও রাশিয়ার মানুষের মধ্যে কোনো ফারাক নেই।
পরবর্তীতে ম্যাক্রোঁ টুইট করে বলেছেন, 'পুতিন ইউক্রেনে হামলা থামাতে রাজি নন। কিন্তু মানবিক বিপর্যয় রোধ করতে আলোচনা দরকার। আমি সেই প্রয়াস চালিয়ে যাবো। আমাদের আরও ভয়ংকর পরিণতি এড়িয়ে যেতে হবে।' ডয়েচে ভেলে।