মোহামেডানের ভেন্যু হচ্ছে কুমিল্লা। সেখানে খেলা হবে পরে। আজ ঢাকায় বসুন্ধরা কিংসের মাঠে মোহামেডান খেলবে স্বাগতিক মোহামেডানের বিপক্ষে। আবাসিক এলাকায় নির্মাণ করা হয়েছে একতলা গ্যালারির স্টেডিয়াম। ফ্লাড লাইট নেই। খেলা শুরু হবে বিকাল ৩টায়।
ম্যাচের কারণে বসুন্ধরা ৫০টি ভিআইপি টিকিট দিয়েছে মোহামেডানকে। এই মাঠে এরই মধ্যে আবাহনীসহ একাধিক ফুটবল দল খেলেছে। মোহামেডানের অভিষেক হতে যাচ্ছে আজ। মোহামেডান ফুটবলাররাও কিংসের মাঠের ভালো দিকগুলোর কথা সংবাদমাধ্যমে দেখেছেন, শুনেছে। আর প্রতিপক্ষ বসুন্ধরা সম্পর্কে তো আগেই সব জানা আছে মোহামেডানের। রাকঢাক না রেখে মোহামেডান ফুটবলাররাও জানিয়ে দিয়েছেন বসুন্ধরা শক্তিশালী। পরশু যখন মোহামেডানের ডাইনিং হলে খেলোয়াড়দের করোনা টেস্ট করার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছিল তখন উঠে এসে বলছিলেন বসুন্ধরার শক্তিমত্তার কথা।
মোহামেডানের রক্ষণভাগ সামাল দিচ্ছেন অস্ট্রেলিয়ান ফুটবলার এরিয়ন। ৪ নম্বর জার্সি গায়ে খেলছেন। যারা গ্যালারিতে থেকে খেলা দেখেন তাদের কাছে মনে হবে আগের সেই ফুটবলার রণজিত খেলছেন। জার্সি নম্বরও একই। অস্ট্রেলিয়ার গোল পোস্টে থাকেন। বয়স মাত্র ২২। হালকা পাতলা গড়নের এই ফুটবলার বসুন্ধরার মতো শক্তিশালী আক্রমণ কীভাবে থামাবেন তা নিয়ে দুশ্চিন্তা আছে বলে কথায় মনে হলো না। খুব সাহসের কথা বললেন এরিয়ন। বললেন, ‘ওদের ব্রাজিলিয়ান ফুটবলার জনাথন চলে গেছেন। টিভিতে দেখলাম ইনজুরির কারণে তাকে বিদায় দিতে হলো। আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে। বিদায়ের পর্ব খুব ভালো লাগল। তার মানে এই নয় যে, জনাথনের অনুপস্থিতিতে আক্রমণভাগ দুর্বল হয়ে পড়ল।’ এরিয়নের কাছে প্রশ্ন ছিল জনাথন নেই, আরেক ব্রাজিলিয়ান রবসন রয়েছেন। গোলের পর গোল করে যাচ্ছেন তিনি। গোলের জোয়ালটা তার কাঁধে। কথাটা কেড়ে নিয়ে মোহামেডানের অস্ট্রেলিয়ান ডিফেন্ডার এরিয়ন বললেন, ‘রবসনকে পাহারায় রাখার পরিকল্পনা করছি। ঘাড়ের ওপর লেগে না থাকলে বিপদ ঘটিয়ে ফেলবে।’
বসুন্ধরার ঘরে জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন এখনো ফিট হয়নি, ছয় মাস লাগবে। ফিরতে সময় লাগবে। ইরানি খালেদ শাহি হাঁটুতে ইনজুরিতে খেলতে পারবে কি না, সন্দেহ। স্তোয়ানের ভ্রানিয়াস কুচকিতে ব্যথা, খেলতে পারবেন না।