গত ১ জানুয়ারি ২০২২ থেকে অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাস ও টরন্টোস্থ উপ-দূতাবাস বাংলাদেশি কানাডিয়ানদের নো-ভিসা রিকোয়ার্ড (NVR)-এর জন্য নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুযায়ী, এখন থেকে কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে যাবার জন্য নো-ভিসা নিতে হলে মেয়াদ সম্পন্ন পাসপোর্ট থাকতে হবে। আগে সেখানে বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদের কপি বা দ্বৈত নাগরিকত্বের সনদের কপি অথবা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের কপি দেখালেই নো-ভিসার জন্য আবেদন করতে পারতেন।
নতুন আরোপিত এই নিয়ম প্রবাসী বাংলাদেশিদের মনে ক্ষোভের সঞ্চার করেছে। এর প্রতিবাদে বাংলাদেশি কানাডিয়ান নাগরিক অধিকার ফোরাম আগামী ৬ মার্চ টরন্টোর ড্যানফোর্থে গোলেন্ডন সেন্টার অডিটরিয়ামে এক মত নিময়ে সভার আয়োজন করবে।
নতুন নিয়মের কারণে অনেকেই জরুরী প্রয়োজনে বাংলাদেশে যেতে পারছেন না। এক ভুক্তভোগী তার অসুস্থ আত্মীয়াকে দেখতে যাবার জন্য নো-ভিসা জটিলতায় পড়ে। পরে সেই আত্মীয় মারা যান। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি বলেন, ‘নতুন নিয়ম আর কোনো দেশে নেই। এমন কি এটা সরকারের সিদ্ধান্ত না। একটা হাই কমিশনারের নিজস্ব আইন। তিনি তো আইন প্রণয়ন করতে পারেন না! এটা একদিকে ক্ষমতার অপব্যবহার, অন্যদিকে সরকারের জনপ্রিয়তা হ্রাস ও ভাবমূর্তিক্ষুণ্ণ করা। এবং প্রবাসীদেরকে হেস্তনেস্ত করা’!
এ ব্যাপারে টরন্টোস্থ উপ-দূতাবাসে সদ্য যোগদানকারী কনস্যুলার জেনারেল লুৎফর রহমান ইত্তেফাককে জানান, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। আমরা কর্তৃপক্ষের আদেশ মোতাবেক কাজ করছি।
এ বিষয়ে হাই কমিশনার খলিলুর রহমান বলেন, ‘আমি পার্ট অফ বাংলাদেশ গভর্নমেন্ট। কাজের স্বার্থে বা দেশের স্বার্থে আমি অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এটা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে। যারা আমার বিরুদ্ধে বলেন, তারা মূলত বাংলাদেশ সরকারের বিরুদ্ধেই বলেন। কমিউনিটির কে কি বলল, তাতে আমার কিচ্ছু আসে যায় না’।
এই নতুন বিধান তো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স কোথাও নেই, এই প্রশ্নের জবাবে ড. খলিল বলনে, ‘এটা আমেরিকা বা ফ্রান্স না। এটা কানাডা। আর কে কাকে ভিসা দিবে বা না দিবে, সেটা নির্ভর করে সে দেশের ইমিগ্রেশনের উপর। যারা দ্বৈত নাগরিক, তারা কানাডিয়ান পাসপোর্টে ভিসা নিয়ে দেশে যান। ভিসার বিষয়টি তো পরিবর্তন করা হয়নি! তারা নো-ভিসা নিয়ে আন্দোলন করছেন কেনো? তারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে প্রপাকাণ্ডা করবে, টাকা পাচার করে আনবে আর আন্দোলন করবে, এটা তো হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘আমি তো খুব সহজ পদ্ধতি চালু করেছি। গতকাল সরকার থেকে যে সার্কুলার এসেছে, তাতে আরও কঠিন নিয়ম প্রবর্তিত হবে।’