সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। তার মৃত্যুতে শোকাহত পুরো ক্রিকেট বিশ্ব। সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটারকে শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের ভক্ত-সমর্থক থেকে শুরু করে ক্রিকেটের কর্তাব্যক্তিরা।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্ন শহরে জন্ম এই স্পিন জাদুকরের। খেলেছেন ভিক্টোরিয়া এবং টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন স্টারসের হয়ে। এই শহরের জগতখ্যাত ভেন্যু এমসিজিতে রয়েছে তার কতশত কীর্তি।
তাইতো ঘরের ছেলেকে শ্রদ্ধা জানাতে বড়[ উদ্যোগ নিয়েছে ভিক্টোরিয়াবাসী। রাজ্য সরকার ঘোষণা করেছে, এমসিজির বিখ্যাত ‘সাউদার্ন স্ট্যান্ড’-এর নামকরণ করা হয়েছে ওয়ার্নের নামে। এটি এখন থেকে পরিচিত হবে ‘দ্য এসকে ওয়ার্ন স্ট্যান্ড’ নামে।
এক টুইট বার্তায় রাজ্য সরকারের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস জানিয়েছেন, ‘ভিক্টোরিয়া একজন কিংবদন্তিকে হারালো। পুরো ক্রিকেট বিশ্ব রাজার মৃত্যুতে শোকাহত। দ্য এসকে স্ট্যান্ড হবে অসাধারণ এক ভিক্টোরিয়ানের প্রতি আমাদের চিরস্থায়ী শ্রদ্ধাঞ্জলি।’
এছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে ওয়ার্নের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভিক্টোরিয়ায় ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলাও সিডনি মর্নিং হেরাল্ডের কাছে এ কথা বলেছেন।
এমসিজির বাইরে ওয়ার্নের একটি ভাস্কর্য রয়েছে। আজ শনিবার সকাল থেকেই সেখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন ভক্তরা। কেউ ফুল দিচ্ছেন, আবার কেউ সিগারেটের প্যাকেট, বিয়ারের ক্যান বা মাংসের পাই। যে যেভাবে পারছেন শ্রদ্ধা জানাচ্ছেন তাদের ঘরের ছেলের প্রতি।
Tributes to a legend.
— Melbourne Cricket Ground (@MCG) March 5, 2022
Vale Shane Keith Warne: https://t.co/23wsQTSoPx pic.twitter.com/xZBXxKD3tR