পশ্চিমা বিশ্ব 'অর্থনৈতিক ডাকাতি' করছে: রাশিয়া  

পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ঘোরতর অভিযোগ আনলো রাশিয়া। দেশটির সরকারের অভিযোগ, পশ্চিমা বিশ্ব 'অর্থনৈতিক ডাকাতি' শুরু করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেছেন। শনিবার (৫ মার্চ) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এই নেতা বলেছেন, রুশ সরকার এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।  তবে সেই পদক্ষেপ কী হতে পারে সে সম্পর্কে তিনি কিছু বলেননি।

দিমিত্রি পেসকভ শুধু এটুকুই বলেন, রাশিয়ার স্বার্থ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

পেসকভের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ধনকুবেরদের বিরুদ্ধে ব্রিটেন, ইইউ এবং যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে।

পেসকভ মন্তব্য করেন, রাশিয়া এত বড় এক দেশ যে তাকে কখনই একঘরে করে রাখা যাবেনা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চেয়েও বিশ্ব আকারে অনেক বড়। বিবিসি।