২২ শ্রাবণ, চতুষ্কোণ-এর মাধ্যমে এর আগে টলিউডে রোমাঞ্চ তৈরি করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বাংলা ছবিতে সিরিয়াল কিলিং-এর গল্প সাজিয়ে দর্শকদের চমকে দিয়েছিলেন। সম্প্রতি, মুক্তি প্রাপ্ত ‘ভিঞ্চিদা’ ছবিতে ফের একবার সেই সিরিয়াল কিলারের গল্পকেই নতুন আঙ্গিকে দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। যে গল্পটি এককথায় রোমহর্ষক।
‘ভিঞ্চিদা’র গল্প বেশ মনে ধরেছে দর্শকদের। যার অন্যতম প্রমাণ হল বক্স অফিস রিপোর্ট। সৃজিত মুখোপাধ্যায়ের ‘ভিঞ্চিদা’ বক্স অফিসে টক্কর দিচ্ছে অন্যান্য সমস্ত বাংলা ছবিকেই। মুক্তির প্রথম সপ্তাহেই এই ছবিটির বক্স অফিস কালেকশন শুধুমাত্র ন্যাশনাল চেনের মাল্টিপ্লেক্স থেকে ছিল ৩৬ লক্ষ, ৩৫ হাজার, ৮২৮ টাকা। যা চূ্র্ণী গঙ্গোপাধ্যায়ের ‘তারিখ’-এর মতো ছবির বক্স অফিস কালেকশনকেও ছাপিয়ে যায়। ‘তারিখ’ ছবিটির প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশন ছিল ৪ লক্ষ, ২৯ হাজার, ৭৯৫ টাকা।
আরো পড়ুন: বহিষ্কার করায় গোটা স্কুল পুড়িয়ে দিলো ৬ ছাত্র
জানা যাচ্ছে, এখনও পর্যন্ত সৃজিত মুখোপাধ্যায়ের ‘ভিঞ্চিদা’-র বক্স অফিস কালেকশন সবমিলিয়ে ২ সপ্তাহে ২ কোটি টাকা। এ বছরের এপ্রিল পর্যন্ত এই ছবিকে 'বিগেস্ট হিট' বলেই দাবি করছেন পরিচালক।
ছবিটি দেখার পর অনেকেই ‘ভিঞ্চিদা’র প্রশংসা করে টুইট করেছেন। সেই টুইটগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। প্রসঙ্গত বক্স অফিস কালেকশনে ভিঞ্চিদার পরেই রয়েছে ভবিষ্যতের ভূত, মুখার্জিদার বউ ও নগরকীর্তন ছবিটি।
ভিঞ্চিদাতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, ঋদ্ধি সেন, অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতা অভিনেত্রীরা। ছবিতে মন কেড়েছে ইন্দ্রনীল দাশগুপ্তের আবহ সঙ্গীত, অনুপম ও মইনুল হাসান নোবেলের কণ্ঠ।
ইত্তেফাক/বিএএফ