হাজীগঞ্জে ফসলের মাঠ থেকে দিনমজুরের লাশ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে ফসলের মাঠ থেকে বিল্লাল হোসেন ভূঁইয়ার (৫৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল (৫ মার্চ) শনিবার সন্ধ্যায় উপজেলার ১০ নং গন্ধব্যপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে হাজীগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুবায়ের সৈয়দ।  

মৃত বিল্লাল হোসেন ছেলে আকবর হোসেন ভূঁইয়া জানান, একই ইউনিয়নের ডাটরা শিবপুর গ্রামে নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল বিল্লাল হোসেন। সন্ধ্যার পরে বাড়ি ফেরার কথা ছিল। সন্ধ্যার পরেই ইরি-বোরো ইস্কিমের ম্যানেজার প্রথমে বিল্লাল হোসেন ভূঁইয়ার মৃতদেহটি পাশে পড়ে থাকতে দেখেন। সংবাদ পেয়ে হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ জুবায়ের ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

ওসি বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বলা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্ত শেষে বিল্লাল হোসেনের লাশ তার নিকট আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।