নারী বিশ্বকাপ

পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারালো ভারত

পুরুষ ক্রিকেটে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ মানেই প্রবল উত্তেজনা। তবে নারী ক্রিকেটে সেটা খুব একটা দেখা যায় না। প্রতিবেশি পাকিস্তান থেকেও শক্তিমত্তায় ভারতীয় নারী দল যোজন যোজন এগিয়ে। সেটা আবারও দেখা গেলো চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে।

রবিবার (৬ মার্চ) মাউন্ট মঙ্গানুইয়ে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে ভারত ও পাকিস্তান। এতে ১০৭ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারত। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ভারত। জবাবে ৪২ বল বাকি থাকতে মাত্র ১৩৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

দলটির পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার সিডরা আমিন। এছাড়া ডায়ানা বেগ ২৪, ফাতিমা সানা ১৭, বিসমা মারুফ ১৫, সিডরা নওয়াজ ১২ ও জাভেরিয়া খান ১১ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে রাজেশ্বরী গাইকোয়াড ৪টি, ঝুলন গোসোয়ামি ২টি, স্নেহ রানা ২টি এবং মেঘনা সিং ও দীপতি শর্মা একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাট হাতে দলটির হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন পূজা ভাসট্রাকার। এছাড়া স্মৃতী মান্দানা ৫২, স্নেহ রানা ৫৩ ও দীপতি শর্মা ৪০ রান করেন। পাকিস্তানি বোলারদের মধ্যে নিধা ধার ২টি, নাসরা সান্ধু ২টি এবং ডায়ানা বেগ, আনাম আমিন ও ফাতিমা সানা একটি করে উইকেট শিকার করেন। ম্যাচসেরা হয়েছেন ভারতের পূজা ভাসট্রাকার।