তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট সিরিজ খেলতে আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ। মাত্র দুই সপ্তাহ হাতে থাকলেও একটু সময় আর বিশ্রাম নিতে চান অলরাউন্ডার সাকিব আল হাসান।
রবিবার সন্ধ্যায় ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে সাকিব জানান, কিছুদিনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে চান। তাই আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি নিতে চান তিনি।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দুই ফরম্যাটের দল হয়ে গেছে। দুই তালিকাতেই নাম বিশ্বসেরা অলরাউন্ডারের। এদিন হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে নিজের পারফরম্যান্স আমি হতাশ। আমি চাই একটু সময় নিতে। তাই দুবাই যাচ্ছি। হয়তো ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকব। তবে আশা করি টেস্ট সিরিজে দলের সঙ্গে থাকব।’
তিনি আরও বলেন, ‘বিসিবির সঙ্গে আমার কথা হয়েছে। জালাল ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে বলেছেন সময় নিতে।’