কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. নিলুফা আক্তার বানুর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রীরা।
রবিবার (৬ মার্চ) রাত ১০টার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থী হলের গেটের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।
হল সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার সহপাঠীরা হল প্রভোস্ট প্রফেসর ড. নিলুফা আক্তার বানুকে একাধিকবার ফোন করে জানালেও তিনি কোনো ব্যবস্থা না নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। পরবর্তীতে ঘণ্টাখানেক পরে অসুস্থ ঐ ছাত্রীকে হাসপাতালে পাঠানো হয়।
পুরো ঘটনায় ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখেন।
এ সময় ছাত্রীরা 'প্রভোস্ট ম্যামের পদত্যাগ চাই, স্বৈরাচারী আচরণ চলবে না, মানবো না, প্রভোস্ট ম্যামের টালবাহানা চলবেনা চলবেনা' প্রভৃতি স্লোগান দেন। পরে আন্দোলনরত ছাত্রীরা প্রভোস্টের পদত্যাগের দাবিতে গণসাক্ষর সংগ্রহ করেন।
আন্দোলনরত ছাত্রীরা অভিযোগ করে বলেন, তাদের সাথে অসদাচরণের বিষয়টি নতুন নয়। এছাড়া হলের ডাইনিং এর খাবারে নিম্নমানের, রিডিং রুমে পড়ালেখার সুব্যবস্থা নেই, ওয়াশরুম ব্যবহারের অনুপযোগী, এবং ইন্টারনেট সংযোগের সমস্যা রয়েছে। এছাড়া হল নিয়মিত পরিষ্কারও করা হয় না।
আন্দোলনের বিষয়ে প্রভোস্ট প্রফেসর ড. নিলুফা আক্তার বানু বলেন, রাতের বেলা তো কিছু জানা বা দেখা সম্ভব হচ্ছে না। আমি কাল অফিসে এসে ছাত্রীদের দাবিগুলো শুনবো বা লিখিত অভিযোগ থাকলে দেখবো। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসব।
এদিকে আন্দোলনের এক পর্যায়ে রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভূইয়া ও প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ছাত্রীদের সঙ্গে কথা বলার জন্য হলে আসেন। এসময় তারা প্রায় দুইঘণ্টা ধরে ছাত্রীদের বিভিন্ন অভিযোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে ছাত্রীরা আন্দোলন স্থগিত করেন।
ছাত্রীদের সাথে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা ছাত্রীদের অভিযোগ শুনলাম। আমাদের হলগুলোতে এত সমস্যা রয়েছে তা আমরা জানতাম না। এগুলো একদিনে সমাধান করা সম্ভব নয়। তবে যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।