একা ১০০০ কিলোমিটার পাড়ি দিয়ে আলোচনায় ১১ বছরের ইউক্রেনীয় বালক

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ এখনো চলছে। এর মাঝেই ১১ বছর বয়সী ইউক্রেনীয় এক বালক একা ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্লোভাকিয়ায় পৌঁছেছে। যাত্রাপথে তার হাতে ছিল একটি ব্যাকপ্যাক, মায়ের লেখা একটি নোট এবং একটি টেলিফোন নম্বর।

খালিজ টাইমস ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ছেলেটি দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়ার বাসিন্দা। গত সপ্তাহে অঞ্চলটিতে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রাশিয়া। রিপোর্ট অনুযায়ী, তার বাবা-মাকে অসুস্থ আত্মীয়ের যত্ন নেওয়ার জন্য ইউক্রেনে থেকে যেতে হয়েছে।

স্লোভাকিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘অবিশ্বাস্য যাত্রা শেষ করার পর বালকটি তার হাসি, নির্ভীকতা এবং দৃঢ়তার সঙ্গে একজন সত্যিকারের নায়ক হয়ে উঠেছে। সে গতরাতের সবচেয়ে বড় নায়ক।’

স্লোভাকিয়ায় পৌঁছানোর পর বালকটির সেবায় স্বেচ্ছাসেবকরা

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছেলেটির মা তাকে তার আত্মীয়দের খোঁজে ট্রেনে করে স্লোভাকিয়ায় পাঠায়। তার কাছে একটি প্লাস্টিকের ব্যাগ, একটি পাসপোর্ট এবং একটি ভাঁজ করা নোটে লেখা বার্তা ছিল। বার্তাটিতে ছেলেটির মা তার যত্ন নেওয়ার জন্য স্লোভাক সরকার এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

বালকটি যখন স্লোভাকিয়ায় পৌঁছায়, তখনও তার হাতে এগুলো ছিল। এ সময় সীমান্তের কর্মকর্তারা রাজধানী ব্রাতিস্লাভায় তার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাকে নিরাপদে হস্তান্তর করেন।

স্লোভাকিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুকে বালকটির নির্ভয়তা এবং দৃঢ়তার প্রশংসা করেছে। সেখানে আরও বলা হয়, ‘স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছায় তার যত্ন নিয়েছে। তাকে একটি উষ্ণ জায়গায় নিয়ে যায় এবং খাবার ও পানীয় সরবরাহ করে। বালকটির পরবর্তী যাত্রায়ও এগুলো সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে।’