ইউক্রেনে মানবিক করিডোর খোলার ঘোষণা রাশিয়ার

যুদ্ধের কবলে পড়া ইউক্রেনের বিভিন্ন নগরী থেকে বেসামরিক নাগরিকদের চলে যাওয়ার সুযোগ করে দিতে মানবিক করিডোর খুলবে রাশিয়া। সোমবার (৭ জানুয়ারি) দেশটির পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। এসব নগরীর মধ্যে রাজধানী কিয়েভ ও অবরুদ্ধ বন্দর নগরী মারিওপোল রয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এফএফপি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এফএফপি জানায়, মানবিক উদ্দেশ্যে রাশিয়ার সামরিক বাহিনী ৭ মার্চ স্থানীয় সময় সকাল ১০ থেকে ‘যুদ্ধবিরতি’ ঘোষণা করছে এবং মানবিক করিডোর খুলছে।

কিয়েভের মানবিক করিডোরের একটি রুট হবে রাজধানী থেকে গোস্তোমেল-চেরনোবিল হয়ে বেলারুশের গোমেল পর্যন্ত। আবার মারিওপোল থেকে দুটি রুটে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হবে। একটি রুটে সম্পৃক্ত হবে মারিওপোল, নোভোজভস্ক ও রাশিয়ার রোস্তভ-অন-ডন। অপরটির মাধ্যমে মারিওপোল থেকে ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় সরিয়ে নেওয়া হবে বাসিন্দাদের।

এর আগে মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা দুইবার ভেস্তে গেছে। এ জন্য একে অপরকে দোষারোপ করেছে কিয়েভ ও মস্কো।